এইচভি প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটক ইছকন্দর আলী (বাম থেকে দ্বিতীয় জন), আব্দুল আউয়াল খাঁন (ডান থেকে দ্বিতীয় জন)- ছবি- সিলেট মেট্টোপলিটন পুলিশ।
পুলিশের তথ্যানুযায়ী আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার মারপসি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে ইছকন্দর আলী (৪৬) ও সিলেট জেলার জালালাবাদ থানার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা গ্রামের মিম্বর খাঁনের ছেলে আব্দুল আউয়াল খাঁন (৪১)।
সিলেট মেট্টোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইয়াবা চক্রকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সিলেট নগরীর পূর্ব দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বিপরীতে বাটার শোরুমের সামনের পাকা সড়ক থেকে ইছকন্দর আলীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২১টি ইয়াবার বড়ি এবং ইয়াবা বিক্রির ২১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইছকন্দর আলী ইয়াবার ব্যবসার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তার চক্রের আরেক ব্যবসায়ীর তথ্য দেন ইছকন্দর আলী। তার তথ্য অনুযায়ী রাত সোয়া ৪টায় জালালাবাদ থানার ইসলাম গঞ্জ বাজারে অভিযান চালিয়ে আব্দুল আউয়াল খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০টি ইয়াবার বড়ি ও ২৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র বলছে, ইয়াবা ব্যবসায়ী আব্দুল আউয়াল খাঁন প্রবাসী ছিলেন। দেশে এসে ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়েন। এলাকায় ইয়াবার সয়লাবে দুশ্চিতায় ছিলেন স্থানীয়রা। এছাড়া, আউয়াল খাঁন স্থানীয় যুবদলের সঙ্গে জড়িত। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুসারী।

পুলিশ জানায়, অভিযানের সময় ইছকন্দর আলীর কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। দুটি অভিযানে আটক দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নথিভুক্ত করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।