ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার তৎপরতা চলছে

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৫৮, ২ নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার তৎপরতা চলছে

সংগৃহীত

শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এমনকি সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার তৎপরতাও চলছে বলে দাবি করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির দোসর দেশে সক্রিয় রয়েছে। গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শিল্প কারখানা বন্ধের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। কারণ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্য শ্রমিকের জীবিকা জড়িত। শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা সরকারের লক্ষ্য।

এ সময় ডিসেম্বর মাস নিয়ে রাজনৈতিক আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে এবং সেগুলো অব্যাহত থাকবে।

পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারা চাইলে দ্রুত দেশে ফিরতে পারেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বর নিয়ে নানা আলোচনা করছেন। তারা চাইলে আজই দেশে ফিরতে পারেন। পলাতকদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বর নিয়ে আলোচনার মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন