এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:০০, ২০ অক্টোবর ২০২৬
সংগৃহীত
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। রংপুরের পর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি। এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এটিই প্রথম।
রংপুর সফর শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে দুপুর দেড়টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
রাজশাহী সফর শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে তার।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।