এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৫২, ২৩ অক্টোবর ২০২৬
সংগৃহীত
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন শীর্ষ বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের এ পরিকল্পনার বিষয়টি উল্লেখ থাকতে পারে। চলতি মাসেই জাপান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।
পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে গাড়ি উৎপাদনসহ অন্যান্য শিল্পকারখানা স্থাপন এবং জ্বালানি অবকাঠামো নির্মাণের মতো খাত রয়েছে।
এ বিনিয়োগ উদ্যোগে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষের অংশগ্রহণে বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বহুমুখীকরণ এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। তবে বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন, অর্থ ছাড় এবং প্রকল্পভিত্তিক বিনিয়োগের পরিমাণ চূড়ান্ত চুক্তি ও সংশ্লিষ্ট উদ্যোগের ওপর নির্ভর করবে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী জাপান। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। নতুন বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।