ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিদেশে বিপুল সম্পদের মালিক সাবেক মন্ত্রীরা: স্পিকার হাফিজ উদ্দিন

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭:২৯, ২২ অক্টোবর ২০২৬

বিদেশে বিপুল সম্পদের মালিক সাবেক মন্ত্রীরা: স্পিকার হাফিজ উদ্দিন

সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে রাজনীতিকে ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, সাবেক প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যের লন্ডনে প্রায় ৪০০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সম্পত্তিগুলোর অবস্থান জানিয়ে যোগাযোগ করার পর ব্রিটিশ সরকার সেগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ১৭ বছর ক্ষমতায় ছিল। তাদের কর্মকাণ্ড সম্পর্কে এখন সারা বিশ্ব অবগত। তার অভিযোগ, ওই সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্পদ লুটে নিয়ে অনেকে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে স্পিকার দাবি করেন, লন্ডনে প্রায় ৪০০টি বাড়ির পাশাপাশি দুবাইয়ে তার প্রায় ১০০টি, যুক্তরাষ্ট্রে ৫০টির মতো এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। এত বিপুলসংখ্যক সম্পত্তির মালিকানা কীভাবে একজন সাবেক মন্ত্রীর পক্ষে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

স্পিকার আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যে থাকা বাড়িগুলো শিগগিরই বাজেয়াপ্ত করা হবে। তবে সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য অনুষ্ঠানে উল্লেখ করা হয়নি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও বিদেশে বিপুল সম্পদের মালিকানার অভিযোগ তোলেন হাফিজ উদ্দিন আহমদ। তার দাবি, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে জয়ের অনেক সম্পত্তি রয়েছে। এ ছাড়া সাবেক কয়েকজন সংসদ সদস্যও সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে নিজেদের সম্পদ বাড়াতে রাজনীতিকে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি।

কানাডার ‘বেগমপাড়া’ হিসেবে পরিচিত এলাকায় অবৈধ অর্থে সম্পদ গড়ে তোলার প্রসঙ্গ টেনে স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা অর্থ পাচার করে বিদেশে সম্পদ গড়েছেন এবং পরে দেশ ছেড়ে পালিয়েছেন।

তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদ বাড়িয়ে দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে।

আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকারকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদ রিন্টু।

এর আগে স্পিকার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি তজুমদ্দিনের কয়েকটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন