এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫:৫১, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৫:১৩, ২২ জুন ২০২৬
জুবায়ের আহমদ- ছবি: ফেসবুক
এনসিপি ইউকে অ্যালায়েন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যগুলোকে জানিয়েছে, ‘যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।
ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।
এদিকে, মামলার বাদী হিসেবে জুবায়ের আহমদকে উল্লেখ করা হয়েছে কিছু গণমাধ্যমে। ফেসবুকে জুবায়ের আহমদের তথ্যানুযায়ী, তিনি একজন ছাত্রলীগ নেতা। সিলেট মহানগর ৮ নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরে আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য হিসেবে তাকে নির্বাচন করা হয় বলে তার দাবি।