এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:১১, ২ নভেম্বর ২০২৬
সংগৃহীত
সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, শিল্পাঞ্চলে শ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা দায়িত্ব পালন করবেন। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও একটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের প্রায় ১০০টি কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।