এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৪৪, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৫, ২৩ অক্টোবর ২০২৬
সংগৃহীত
বুধবার (২২ অক্টোবর) রাতে ঝালকাঠি শহরের কোর্ট রোডে ভবনটির তৃতীয় তলায় এনসিপির কার্যালয় উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। এ সময় শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীসহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
ভবনটির মালিক লিয়াকত আলী তালুকদার সাংবাদিকদের বলেন, তার ছেলে মিঠু তালুকদার কার্যালয়ের জন্য জায়গাটি ভাড়া দিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
মিঠু তালুকদার জানান, মাসিক ১২ হাজার টাকা ভাড়া এবং দুই লাখ টাকা অগ্রিম নিয়ে এনসিপিকে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছে।
এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, কার্যালয়ের জন্য জায়গা খুঁজতে গিয়ে তারা সমস্যায় পড়েছিলেন। জায়গা পাওয়া গেলেও অনেক মালিক ভাড়া দিতে রাজি হচ্ছিলেন না। পরে অনুরোধের ভিত্তিতে ভবনটির মালিকপক্ষ ভাড়া দিতে সম্মত হয়। দুই লাখ টাকা অগ্রিম ও মাসিক ১২ হাজার টাকা ভাড়ায় কার্যালয় নেওয়া হয়েছে।
ভবনটির মালিক ও তার পরিবারের রাজনৈতিক পরিচয় এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি উল্লেখ করে এনসিপিকে কার্যালয় ভাড়া দেওয়ার মাধ্যমে কোনো ধরনের সহানুভূতি অর্জনের চেষ্টা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
একসময় যে ভবনে শহর আওয়ামী লীগের কার্যালয় ছিল, সেখানে এনসিপির জেলা কার্যালয় চালু হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে।