খেলা ডেস্ক
প্রকাশ: ০৬:৪৪, ২ নভেম্বর ২০২৬
সংগৃহীত
রোববার (১ নভেম্বর) মেক্সিকো সিটি গ্রাঁ প্রির রেসে তৃতীয় স্থান অর্জন করেই বিশ্বচ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন আন্তোনেল্লি। এ রেসে জয় পেয়েছেন রেড বুলের ডাচ চালক ম্যাক্স ভার্সটাপেন। দ্বিতীয় হয়েছেন ফেরারির লুইস হ্যামিল্টন।
আন্তোনেল্লির শিরোপা জয়ের মধ্য দিয়ে ভেঙে গেছে জার্মানির সেবাস্তিয়ান ফেটেলের দীর্ঘদিনের রেকর্ড। ২০১০ সালে ২৩ বছর ১৩৪ দিন বয়সে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ফেটেল। এতদিন তিনিই ছিলেন এফ১ ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন।
এবারের মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন আন্তোনেল্লি। চীন থেকে মোনাকো পর্যন্ত টানা পাঁচটি গ্রাঁ প্রিতে জয় পেয়েছেন তিনি। সব মিলিয়ে মৌসুমে নয়টি রেসে জয় তার। মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেন তিনি।
আন্তোনেল্লির এই অর্জনের মধ্য দিয়ে ৭৩ বছর পর ইতালিতে ফিরল ফর্মুলা ওয়ানের চালক বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা। সর্বশেষ ১৯৫৩ সালে ইতালির আলবার্তো আসকারি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
শিরোপা নিশ্চিত হওয়ার পর আবেগাপ্লুত আন্তোনেল্লি রেস শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিবারের সদস্য ও মার্সিডিজ দলের কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান।
মাত্র দ্বিতীয় মৌসুমেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফর্মুলা ওয়ানের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন এই ইতালীয় তরুণ।