এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭:০৬, ১৫ অক্টোবর ২০২৬
রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৮৩ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল। সেখান থেকে মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি গোল করে জয় নিশ্চিত করে দলটি। ২০ মিনিটে মার্টেন ডি রুনের গোলে এগিয়ে যায় রোমা। পাঁচ মিনিট পর কিলিয়ান এমবাপ্পে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ডোনিয়েল মালেনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রোমা। তখন রিয়ালের হার অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে বদলি খেলোয়াড়দের কার্যকর ভূমিকা ও আরদা গুলারের নিখুঁত কর্নার থেকে ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় স্প্যানিশ জায়ান্টরা।
৮৩ মিনিটে এন্দ্রিকের হেড থেকে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে ব্যবধান কমান কার্লোস এস্পি। চার মিনিট পর গুলারের কর্নার থেকে হেডে সমতা ফেরান এন্দ্রিক। এরপর ৮৯ মিনিটে গুলারের আরেকটি কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জয়সূচক গোল করেন সাবেক রোমা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচসেরার পুরস্কার পান এন্দ্রিক।
ক্যাপশন: চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও সাত মিনিটের ঝড়ে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।