এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৫৭, ১৯ অক্টোবর ২০২৬
সংগৃহীত
সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। নিজের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অস্ত্র প্রদর্শন করে ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনায় দেশ চলছে। এটি গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ হতে পারে না।
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অভিযোগের জবাবে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরোধিতায় বক্তব্য দেওয়াচ্ছে।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের ব্যর্থতায় ইশরাকের হাতে অস্ত্র: আখতার
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাকের ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে। যেসব সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে, সেসব পথে মাদক পাচার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ভুগেছেন ইশরাক: নাসীরুদ্দীন
ইশরাক হোসেনের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, মাদক নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক। সমস্যাটি স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন। এটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।