ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিজের কক্ষে ধূমপান, শিশু হাসপাতালের চিকিৎসক সাময়িক বরখাস্ত

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৩, ১৭ অক্টোবর ২০২৬

নিজের কক্ষে ধূমপান, শিশু হাসপাতালের চিকিৎসক সাময়িক বরখাস্ত

সংগৃহীত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজের কক্ষে ধূমপানরত অবস্থায় এক চিকিৎসককে দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত চলা এ পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখার পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও দেখতে পান তিনি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া ও কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার ঘুরে দেখেন তিনি। এ সময় মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দেওয়া হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন