এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:০৪, ৯ অক্টোবর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিকাশের নগদ টাকা বহনকারী প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারের চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তাঁরা সবাই বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা।
গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় প্রতিষ্ঠানটির নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। পরে বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে করে শ্রীপুরে নেওয়া হচ্ছিল।
প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। পরে চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে তারা। একপর্যায়ে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে ছিনতাইকারীরা।
প্রাইভেটকারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৪ কোটি টাকা ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সেখান থেকে তিনটি বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁদের ধারণা, ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।