এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮:৫৬, ১২ অক্টোবর ২০২৬
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি।সংগৃহীত
নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার রাত ৯টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলনে ল্যাপটপ উদ্ধারের তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পরে রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় অন্তরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলের ব্যাগ হারানোর পরদিন শুক্রবার সকালে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে আসনের নিচে একটি ব্যাগ পান। সেটি নিয়ে তিনি নওগাঁ চলে যান। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে ছেলের সঙ্গে কথা বলেন।
সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে অমল সাহা বিষয়টি ছেলেকে জানান। পরে রোববার রাতে তার ছেলে অন্তর পুলিশকে খবর দেন। এরপর কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলকে জানানো হয়েছে। এতে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ব্যাগে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাগটি পাওয়ার পরপরই কেন পুলিশকে জানানো হয়নি, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে আসা জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার কিরিল বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার রেলস্টেশনে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছে ভুল করে সেখানে নেমে পড়েন। সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
ট্রেনের অপেক্ষায় তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে টিকিট কাটতে যাওয়ার সময় পর্যটক নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।
ঘটনার পর রাতেই নাটোর থানায় অভিযোগ করেন ক্রিল। তার যাতায়াতের সুবিধার জন্য প্রথমে তাকে রাজশাহী এবং পরে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
এদিকে পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্ত করার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলস্টেশনসহ জনবহুল এলাকায় তার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। অভিযুক্তকে গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ল্যাপটপের পাশাপাশি ক্যামেরা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।