ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

আগে কুপিয়ে জখমের অভিযোগ

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৬:৫০, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৬:৫১, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। এর আগে গত ১০ নভেম্বর একই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। তার পৈতৃক বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তবে তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

খবর পেয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফের ওপর হামলা হয়েছিল। সে সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে আলিফ নিয়মিত লেখালেখি করতেন বলে জানা গেছে। তবে তার ওপর আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন