এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্পিনারদের নিয়ে অনুশীলনে জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
জাতীয় দলের আশপাশে থাকা এবং উঠতি স্পিনারদের নিয়ে মিরপুরে তিন দিনের ক্যাম্প পরিচালনা করছেন মুশতাক। অনুশীলন শেষে আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়! আমরা এখন দারুণ অবস্থায় আছি। আমরা ভালো খেলা অব্যাহত রাখা এবং বিশ্বাস বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ, পুরো পথ অতিক্রম করার সঠিক সময় আমাদের কাছে আছে।’
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্টের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। চক্রটিতে পাকিস্তানের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতেছে তারা।
গত মাসে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় তারা।
তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ড্র করে নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া ঐতিহাসিক জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর বিশ্বাস থাকলে জয় অসম্ভব নয়। পাকিস্তানকে আমরা শেষ দুই ম্যাচেই হারিয়েছি। এখন বাংলাদেশ দল হারার ভয় পায় না।’
চতুর্থ চক্রে বাংলাদেশের আরও ছয়টি টেস্ট খেলা বাকি। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
এদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট ও হাই পারফরম্যান্স কর্মসূচির আওতায় থাকা ২০ জন স্পিনারকে নিয়ে কাজ করছেন মুশতাক। তিন দিনের ক্যাম্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্পিনারদের বোলিং অ্যাকশন, টেকনিক্যাল ভুলত্রুটি ও কৌশলগত দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনটি ক্যামেরার মাধ্যমে সামনে, পেছন ও পাশ থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন ধারণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি বোলারের অ্যাকশন বিশ্লেষণ করে প্রয়োজনীয় উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে।
মুশতাক বলেন, ‘আমি মনে করি, বিসিবি ও হাই পারফরম্যান্স ইউনিটের এটি একটি দারুণ উদ্যোগ। আমরা এখানে তিনটি ক্যামেরা দিয়ে সামনে, পেছন ও পাশ থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করছি। এতে স্পিনারদের অ্যাকশন নিয়ে ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে। এ ছাড়া স্থানীয় কোচদের সঙ্গেও আমরা কাজ করছি, যাতে তারা স্পিন বিভাগ ও পরিস্থিতি সামলানোর বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। আমরা এখানে মূলত মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। সব স্পিনারের অ্যাকশন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’