ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে হামলা, অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২১, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩০, ১৪ অক্টোবর ২০২৬

সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে হামলা, অগ্নিকাণ্ড

সৌদি আরামকোর ধাহরান কমপ্লেক্সের একটি প্রশাসনিক ভবনে হামলার পর সীমিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে সীমিত অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এ ঘটনা ঘটে। 

খবর রয়টার্সের। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি।

এর আগে আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছিলেন কোম্পানির একটি সূত্র। এতে একটি অফিস ভবনের ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, নাকি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে প্রাথমিকভাবে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল। গত এক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরবের সমর্থনের প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। 

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ধাহরানসহ বিভিন্ন এলাকায় ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী রিয়াদেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। 

সৌদি আরামকোর স্থাপনাটি দেশটির বিশাল তেল উৎপাদন, পরিশোধন, পাইপলাইন ও রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এ হামলার পর আঞ্চলিক সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন