ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ওমানিদের প্রশংসায় মহানবীর (সা.) হাদিস উদ্ধৃত করলেন রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:০০, ২২ অক্টোবর ২০২৬

ওমানিদের প্রশংসায় মহানবীর (সা.) হাদিস উদ্ধৃত করলেন রাজা চার্লস

সংগৃহীত

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে ওমানের জনগণের শান্তিপ্রিয় স্বভাবের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের রাষ্ট্রীয় সফর উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে আয়োজিত নৈশভোজে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে রানি ক্যামিলাসহ দুই দেশের রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাজা চার্লস আরবিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেন। এর ইংরেজি অনুবাদ, ‘তোমরা যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাদের গালিও দিত না, আঘাতও করত না।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি ওমানের মানুষের আচরণ ও শান্তির প্রতি অনুরাগের প্রশংসা করেন।

ওমানের সুলতানের সম্মানে আয়োজিত এ রাষ্ট্রীয় নৈশভোজে রাজা চার্লস যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বহু পুরোনো এবং সময়ের সঙ্গে তা আরও দৃঢ় হয়েছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত চলার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনে ওমানের ভূমিকার প্রশংসা করেন ব্রিটিশ রাজা। বিশেষ করে সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির অবদানের ওপর গুরুত্ব দেন তিনি।

রাজা চার্লসের বক্তব্যে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকার প্রত্যাশা উঠে আসে। তার মতে, প্রজন্ম থেকে প্রজন্মে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়া দুই দেশের অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের এই রাষ্ট্রীয় সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন