আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১২, ২০ অক্টোবর ২০২৬
সংগৃহীত
প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিও নভেম্বরে বাজারে আসতে পারে। একই বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রতিযোগিতা থাকায় এর আগেই তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাইছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির বিদ্যমান বিনিয়োগকারী সফটব্যাংক গ্রুপ ও আবুধাবিভিত্তিক এমজিএক্সসহ কয়েকটি পক্ষ নতুন তহবিল সংগ্রহের আলোচনায় রয়েছে।
ওপেনএআই বিনিয়োগকারীদের কাছে তাদের আয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরছে। প্রতিষ্ঠানটির দাবি, বার্ষিকীকৃত আয় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা চলতি বছরের শেষ নাগাদ ৭০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। নতুন এআই মডেল চালুর পর আয় বৃদ্ধির গতি বেড়েছে বলে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
অন্যদিকে, অ্যানথ্রপিকের তৃতীয় প্রান্তিকে আয় আগের প্রান্তিকের ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে মাসভিত্তিক আয় বৃদ্ধির গতি কমে আসায় প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ওপেনএআইয়ের তহবিল সংগ্রহের এ উদ্যোগের পেছনে বড় অবকাঠামোগত ব্যয় মেটানো এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শেয়ারবাজারের পরিস্থিতি খারাপ হলে ২০২৭ সালে পরিকল্পিত আইপিও পিছিয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত অর্থ হাতে রাখতে চায় প্রতিষ্ঠানটি।
তবে এআই খাতের উচ্চ মূল্যায়ন, প্রযুক্তি শেয়ারের বাজারে অস্থিরতা এবং ডেটা সেন্টার নির্মাণে বিপুল ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে ওপেনএআই ও অ্যানথ্রপিকের অর্থ সংগ্রহ এবং সম্ভাব্য শেয়ারবাজারে প্রবেশ এআই শিল্পে বিনিয়োগকারীদের আগ্রহের গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে পারে।