ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

এক হচ্ছে ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্স!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৭, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৭, ২১ অক্টোবর ২০২৬

এক হচ্ছে ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্স!

সংগৃহীত

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাকে একীভূত করার প্রস্তাবকে ‘ভালো ধারণা’ বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। সম্ভাব্য এই একীভূতকরণ নিয়ে আলোচনা করতে উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিশেষ কমিটি গঠন করেছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেসএক্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনায় মাস্ক এ কথা বলেন। তিনি জানান, শেয়ারহোল্ডারদের অনুরোধে দুই প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।

মাস্ক একই সঙ্গে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। স্বার্থের সংঘাতের কারণে একীভূতকরণ নিয়ে কমিটির আলোচনায় তিনি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন।

তার মতে, দুই প্রতিষ্ঠান এক হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চিপ নকশা ও উৎপাদন, রোবট প্রযুক্তি এবং স্যাটেলাইট যোগাযোগের মতো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। তবে একীভূতকরণ নিশ্চিত নয় বলেও সতর্ক করেছেন তিনি।

মাস্ক জানিয়েছেন, সম্ভাব্য লেনদেনের শর্ত নিয়ে বিশেষ কমিটিগুলোর মধ্যে এখনো সমঝোতা হয়নি। চুক্তি সম্পন্ন করতে উভয় প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের সমর্থন প্রয়োজন হবে। বিশেষ করে টেসলার ক্ষেত্রে সব শেয়ারের অন্তত ৫০ শতাংশের সমর্থন পেতে হবে, যা বড় চ্যালেঞ্জ হতে পারে।

এদিকে, স্পেসএক্স জানিয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৬১ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবসার সম্প্রসারণ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন