ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্ত্রোপচারে অপসারণ ডান ফুসফুসের অংশ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৪, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৫, ১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

ফুসফুসের ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারে ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে পোপ চতুর্দশ লিওর। সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইতালির রোমের জেমেলি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। 

খবর রয়টার্সের। 

ভ্যাটিকানের চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় টিস্যু পরীক্ষায় ক্যানসারের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসে অস্বাভাবিক একটি বৃদ্ধি শনাক্ত করেছিলেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট ধরে চলে। ভিডিও-সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তার ডান ফুসফুসের নিচের খণ্ডটি অপসারণ করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি। পরে পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান এবং হাসপাতালের কক্ষে বিশ্রাম নেন। 

তবে ক্যানসারটি কোন পর্যায়ে রয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি। টিউমারের আকার এবং ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষার প্রয়োজন। এসব ফলাফলের ওপর পরবর্তী চিকিৎসা ও রোগের পূর্বাভাস নির্ভর করবে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে পোপের প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। তার ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত জনসমক্ষে উপস্থিতির কর্মসূচি বাতিল করা হয়েছে। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। 

২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হন চতুর্দশ লিও। তার জন্মনাম রবার্ট প্রিভোস্ট। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া এই ধর্মীয় নেতা দীর্ঘদিন পেরুতে ধর্মযাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের ধর্মীয় নেতা হিসেবে পোপের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অসুস্থতার মধ্যেও ভ্যাটিকানের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে যেসব সিদ্ধান্তের জন্য পোপের অনুমোদন প্রয়োজন, সেগুলো তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষমাণ থাকতে পারে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন