আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০৩, ১৮ অক্টোবর ২০২৬
সংগৃহীত
স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে শুরু হওয়া ‘নর্তে ফায়ার’ পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে যায়। ক্যালিফোর্নিয়ার দমকল সংস্থা ক্যাল ফায়ার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় দুই শহরেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যাতে ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষ সেখানে আশ্রয় নিতে পারেন।
অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সান্তা আনা বাতাস পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
দাবানলের আশঙ্কায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে নতুন করে আগুন লাগার ঝুঁকি কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনটির ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অন্যদিকে সান দিয়েগো কাউন্টিতে ‘হেন্ডারসন ফায়ার’-এ প্রায় ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে। এ আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে।
দাবানলের প্রভাব পড়েছে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকাতেও। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।