ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত কর্মকর্তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আহত সেনা কর্মকর্তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সিএমএইচে আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সাহস ও সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন