ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ

সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দিতেন। অথচ তার ভেতরেই গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব লুকিয়ে ছিল বলে দাবি করেন তিনি।

আজ শনিবার লালমোহনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন যে তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। মানুষের সামনে তার এসব আচরণ ছিল অভিনয়। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দেওয়া সাক্ষ্য ও প্রমাণের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব ঘটনার মাধ্যমে শেখ হাসিনার ভূমিকা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেন, শেখ হাসিনাই গুম-খুনের নির্দেশদাতা ছিলেন।

তিনি আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। এটি অত্যন্ত নির্মম ও জঘন্য ঘটনা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পরিবর্তে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এখানকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের বাড়িতে হামলা, কুপিয়ে আহত ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ওই সময় তার নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে আহত করা হয়েছিল। হাসপাতালে তাকে দেখতে গিয়েও প্রবেশ করতে পারেননি বলে দাবি করেন স্পিকার।

ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে।

এ জন্য দলমত–নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় স্থানীয় নাগরিক সমাজ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন