ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আকাশ প্রতিরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আকাশ প্রতিরক্ষা

সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দক্ষিণে ইয়েমেনের হুতি গোষ্ঠীর একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করে। এর ফলে ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।

আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি পবিত্র নগরীকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আগত মুসল্লিদের নিরাপত্তা ‘রেড লাইন’। এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তবে হুতি কর্তৃপক্ষ মক্কা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে সোমবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জোটের পক্ষ থেকে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি অঞ্চল দখলে নেওয়ার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন