ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে আ. লীগের নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে আ. লীগের নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

সংগৃহীত

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫ থেকে ৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি দলটির নেতাকর্মীদের। পরে পাল্টা হামলায় আওয়ামী লীগ নেতা মো. রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এসব ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কার্যালয়ে থাকা বিএনপির কয়েকজন সমর্থককে মারধর করেন। এতে ৫ থেকে ৬ জন আহত হন বলে দাবি তাদের।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকদের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে লোকজন সেখানে গিয়ে হামলা চালান।

বিএনপির নেতাকর্মীরা আরও জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের মিছিল করার অভিযোগে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় রুহুলসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর তারা এলাকায় ফিরে মিষ্টি বিতরণ করেন এবং এরপর বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে বিএনপি কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে। একপর্যায়ে তার পাটের গোডাউনে আগুন দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশের সদস্যরা রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন