ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল: সড়কে টেনে নেওয়ার অভিযোগ, আটক ৩

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭:২৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল: সড়কে টেনে নেওয়ার অভিযোগ, আটক ৩

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে চুরির অভিযোগে ১৬ বছরের এক কিশোরীর কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনে-হিঁচড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। নির্যাতনের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিন (৪৫)। মঙ্গলবার রাতে সিলেট নগরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে শাহপরাণ থানা পুলিশ তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপশহরের একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে কয়েকজন ব্যবসায়ী ওই কিশোরীকে আটক করেন। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনে-হিঁচড়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। তবে কিশোরীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কিশোরীকে নির্যাতন এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে মারধর, নির্যাতন কিংবা জনসমক্ষে অপমান করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগের বিচার করতে হবে প্রচলিত আইনি প্রক্রিয়ায়। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একজন কিশোরীর সঙ্গে এ ধরনের আচরণকে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন