এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের গোডাউনটির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিয়া। তার ছেলে নূর মোহাম্মদ স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার বিকেলে ভ্যানযোগে সরকারি চালের বস্তা ওই গোডাউনে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় দুই যুবক মুঠোফোনে চালের বস্তা নেওয়ার দৃশ্য ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের প্রশ্ন, চালগুলো সরকারি হলে ব্যক্তিমালিকানাধীন ওই গোডাউনে কেন নেওয়া হচ্ছিল। একই সঙ্গে চালগুলো কোনো সরকারি কর্মসূচির বরাদ্দ কি না, কোথা থেকে এসেছে এবং কীভাবে ওই গোডাউনে রাখা হয়েছে এসব বিষয়েও তারা জানতে চান।
গোডাউনের মালিক আব্দুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’
পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন। আগামীকাল খাদ্য বিভাগ যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
প্রশাসন ও খাদ্য বিভাগের যাচাই-বাছাই শেষে গোডাউনে থাকা চাল সরকারি কি না এবং কীভাবে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।