ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

বাসের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ, নিহত ইমাম ও মাদ্রাসাশিক্ষক

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ, নিহত ইমাম ও মাদ্রাসাশিক্ষক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইমাম ও এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন একটি মসজিদের ইমাম এবং আনিসুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও সালাউদ্দিন একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে তাঁদের মোটরসাইকেলটি বাবনাতলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দশমিনা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন