ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

হায়দ্রাবাদে ৭৪০ কোটি ডলারের এআই ডেটা সেন্টার নির্মাণ করবে টিসিএস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৬

হায়দ্রাবাদে ৭৪০ কোটি ডলারের এআই ডেটা সেন্টার নির্মাণ করবে টিসিএস

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামো খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। অংশীদারদের সঙ্গে নিয়ে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে বিশাল একটি এআই ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। প্রকল্পটিতে বিনিয়োগ করা হবে প্রায় ৭০০ বিলিয়ন রুপি বা ৭৪০ কোটি ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ফাইলিংয়ে মেগা প্রকল্পটির ঘোষণা দেয় টিসিএস।

টিসিএসের বিশেষ উদ্যোগ ‘হাইপারভল্ট’এর আওতায় হায়দ্রাবাদে ২৬৪ একর জমির ওপর ডেটা সেন্টার ক্যাম্পাসটি নির্মাণ করা হবে। এর সক্ষমতা হবে এক গিগাওয়াট। কয়েকটি ধাপে প্রকল্পটির নির্মাণকাজ শেষ করা হবে।

পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এটি ভারতের অন্যতম বৃহৎ এআই অবকাঠামোতে পরিণত হবে বলে জানিয়েছে টিসিএস।

এআই প্রতিষ্ঠান ও হাইপারস্কেলারদের লক্ষ্য

নতুন এই ডেটা সেন্টার মূলত এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং হাইপারস্কেলারদের জন্য তৈরি করা হবে। হাইপারস্কেলার হলো এমন বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, যারা ব্যাপক পরিসরে ক্লাউড কম্পিউটিং ও অন্যান্য ডিজিটাল সেবা দিয়ে থাকে।

ডেটা সেন্টারটিতে এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য উচ্চ ঘনত্বের জিপিইউ এবং লিকুইড কুলিং প্রযুক্তিনির্ভর কম্পিউটিং অবকাঠামো থাকবে। ফলে বড় আকারের এআই মডেল প্রশিক্ষণ, ডেটা প্রক্রিয়াকরণ ও ইনফারেন্স পরিচালনায় প্রয়োজনীয় সক্ষমতা তৈরি হবে।

‘হায়দ্রাবাদে প্রয়োজনীয় সবকিছু রয়েছে’

টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. কৃতিবাসন এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিসর, মেধা ও অনুকূল ইকোসিস্টেম সবই হায়দ্রাবাদে রয়েছে।

এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে উন্নত ডেটা সেন্টারের চাহিদাও বাড়ছে। টিসিএসের এই প্রকল্প সেই চাহিদা পূরণের পাশাপাশি ভারতের এআই অবকাঠামো খাতে বড় বিনিয়োগের দৃষ্টান্ত তৈরি করতে পারে।

ব্যবসার পরিধি বাড়াচ্ছে টিসিএস

প্রথাগত তথ্যপ্রযুক্তি সেবার বাইরে ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করছে টিসিএস। এরই ধারাবাহিকতায় মেগা ডেটা সেন্টার প্রকল্প ঘোষণার কয়েক দিন আগে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে এজির অটোমোটিভ ও কনসালটিং ইউনিট ‘এমএইচপি’ অধিগ্রহণের জন্য চুক্তি করে প্রতিষ্ঠানটি।

এআই অবকাঠামোতে এই বিশাল বিনিয়োগ এবং ধারাবাহিক অধিগ্রহণের মাধ্যমে প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে নিজেদের ব্যবসাকে আরও বিস্তৃত করার কৌশল নিয়েছে টিসিএস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন