ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের আরো এক নেতা গ্রেপ্তার

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০১:১২, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:১৩, ৪ অক্টোবর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের আরো এক নেতা গ্রেপ্তার

সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় শনিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

শনিবার (৩ অক্টোবর) শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করা হয়। একই দিন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন মিশু মোল্লা নামের ৩৬ বছর বয়সী আরেকজনকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মামলার তথ্য অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে সেখান থেকে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়।

পরে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে ওই হামলা চালানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটিতে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়। গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এর পরদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন