এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৩৮, ৪ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিটি নিয়ে দেওয়া পোস্ট সরিয়ে নিয়েছেন আসিফ মাহমুদ। সংগৃহীত
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে দেওয়া এক পরবর্তী পোস্টে আসিফ মাহমুদ জানান, একই ধরনের পোজের ছবি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির কারণে কোন ছবিটি আসল, তা নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি।
আসিফ মাহমুদ লেখেন, ‘একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।’
এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। একই পোস্টে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর সঙ্গে ট্রাম্পের আরেকটি ছবি দেন। ওই ছবিতে ট্রাম্পকে মানুষের সমান আকৃতির কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছিল।
ছবি দুটি শেয়ার করে আসিফ মাহমুদ জানতে চেয়েছিলেন, কোন ছবিটি আসল এবং বিষয়টি কেউ যাচাই করেছেন কি না।
পরে ফ্যাক্টচেকের মাধ্যমে জানা যায়, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের ‘কার্ডবোর্ড কাটআউট’ দেখানো ছবিটি আসল নয়। সেটি মূল ছবিকে সম্পাদনা করে তৈরি করা একটি মিম। মূল ছবিতে ট্রাম্পকে কুর্তির পাশেই বাস্তব অবস্থায় দেখা যায়।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে ট্রাম্পের ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করেছে এবং হোয়াইট হাউস থেকে ছবিটি সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিবও ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন।
ছবিটি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজের। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাওয়া বিশ্বনেতা ও তাদের স্ত্রী-স্বামীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
একই অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের তোলা ছবিতে তার অবস্থান ও পোজ প্রায় একই হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো নিয়ে প্রশ্ন ওঠে। যাচাইয়ে উঠে আসে, অনুষ্ঠানে ট্রাম্প নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা পর্যায়ক্রমে তার পাশে গিয়ে ছবি তোলেন। ফলে ছবিগুলোতে একই ধরনের পোজ দেখা যাওয়াকে একা ছবি কৃত্রিম বা এআই-নির্মিত হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাম্পের সঙ্গে তার ও ডা. জুবাইদা রহমানের ছবিটি প্রকাশ করেন। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলে আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে পোস্ট দেন। পরে বিষয়টি পরিষ্কার হওয়ার কথা জানিয়ে তিনি সেই পোস্ট সরিয়ে নেন।