ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখলের অভিযোগ

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:১৮, ৯ অক্টোবর ২০২৬

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখলের অভিযোগ

সংগৃহীত

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি এবং মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, চাঁদাবাজি বন্ধ ও দখল হওয়া স্ট্যান্ডগুলো উদ্ধার করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের নেতা মো. ইয়াকুব আলী অভিযোগ করেন, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে মিরপুরের ১ নম্বর সেকশনের পাঁচটি লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-১৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজ্জুর সমর্থক ও সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন এবং বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তিরা জড়িত বলে দাবি করেন তিনি।

ইয়াকুব আলী অভিযোগ করেন, বিপ্লব, সোলেমান দেওয়ান, মহব্বত আলী, পাভেল ভূঁইয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন, শামীম ও মজিবর রহমানসহ ৬০ থেকে ৭০ জন এ ঘটনার সঙ্গে জড়িত।

সংগঠনটির নেতাদের দাবি, স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর লেগুনার মালিকদের কাছে প্রতিটি গাড়ির জন্য ৩০০ টাকা করে চাঁদা চাওয়া হচ্ছে। দাবিমতো টাকা দিতে অস্বীকৃতি জানালে মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং চাপ প্রয়োগ করা হচ্ছে।

এ ছাড়া লেগুনার মালিক ইয়াকুব আলী, নজরুল ইসলাম ও বাবুলের ওপর হামলার অভিযোগও করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলার পর ইয়াকুব আলী দারুস সালাম থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। বিষয়টি তদন্ত করে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলন থেকে পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখলের অভিযোগ তদন্ত, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি অবৈধ চাঁদাবাজি বন্ধ করে স্ট্যান্ডগুলো দখলমুক্ত করা এবং মালিক-শ্রমিকদের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে মো. ইয়াকুব আলী, মো. নজরুল ইসলাম, মো. সাইদুল শেখ, আলামিন ও ফিরোজসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন