এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৪৬, ৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০০, ৯ আগস্ট ২০২৬
সালমান শাহ ও তার বাল্যবন্ধু ডন- ছবি: সংগৃহীত
রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আশরাফুল হক ডন চিত্রনায়ক সালমান শাহ ওরফে শাহরিয়ার চৌধুরী ইমনের বন্ধু ছিলেন।
বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ বলছে, ডনকে জামিন না দিতে আদালতের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা মনে করছে, জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পুনরায় পলাতক হতে পারেন।
আদালতে পাঠানো সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের ঘোর বিরোধিতা করে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছে সিআইডি।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আশরাফুল হক ডনকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সেখানে তার বিষয়ে শুনানি হবে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হত্যা করেন।
মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। আটক রাখার আবেদনের ওপর আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।