এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৪৭, ৫ অক্টোবর ২০২৬
সংগৃহীত
একই ধরনের বিবৃতিতে প্রিতম ও শাহতাজ জানান, দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর অনেক ভেবেচিন্তে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দুজনের ভাষ্য, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা থাকাই তাদের জন্য ভালো হবে বলে ধীরে ধীরে উপলব্ধি করেছেন।
প্রিতম তার পোস্টে লেখেন, শাহতাজ ও তিনি ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে দাম্পত্য সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। শাহতাজও প্রায় একই বক্তব্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
তারা বলেন, একসঙ্গে কাটানো সময়ের স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পাশাপাশি একে অপরের প্রতি তাদের যত্ন ও সম্মান রয়েছে। তবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার অভাব তাদের আলাদা পথে চলার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
পরিবারের সদস্যদের সমর্থন রয়েছে জানিয়ে তারা বলেন, পরিবারের সহযোগিতায় তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।
এ সময় বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের তাদের ব্যক্তিগত বিষয় ও এই পরিবর্তনের সময়টিতে গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রিতম ও শাহতাজ। যৌথ বিবৃতির শেষে সবার বোঝাপড়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা নিজেদের পরবর্তী অধ্যায়ের জন্য ‘গোপনীয়তা ও সৌজন্য’ কামনা করেন।
প্রিতম হাসান ও শাহতাজ মনিরা হাশেমের পরিচয় হয় প্রিতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময়। পরে প্রিতম জানিয়েছিলেন, প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দীর্ঘ সময় নিজেদের সম্পর্ককে অনেকটা আড়ালেই রেখেছিলেন তারা।
প্রায় পাঁচ বছর সম্পর্কের বিষয়টি জনসমক্ষে না এনে চলার পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে এবং সংগীতশিল্পী প্রতীক হাসানের ছোট ভাই প্রিতম হাসান গান, সুর ও অভিনয়ে পরিচিতি পেয়েছেন। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
অভিনয়ে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’, আদনান আল রাজীবের ‘YouTumor’ এবং চরকির ‘আড়াল’।
অন্যদিকে শাহতাজ মনিরা হাশেম একজন অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। টেলিভিশনের মাধ্যমে মূলধারার অভিনয়ে তার যাত্রা শুরু হয়। পরে ‘ইতি, তোমারই ঢাকা’ অ্যান্থলজি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।
দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়ে প্রিতম ও শাহতাজ দুজনই তাদের পরবর্তী জীবনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।