এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:০৫, ১৬ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, রিধিকার সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রিধিকার নাম লীনা আক্তার। তার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কী ধরনের যোগাযোগ ও কথোপকথন হয়েছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন রিধিকা। নিয়মিত নিজের কাজের ছবি ও বিভিন্ন আপডেট প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই তিনি সর্বশেষ পোস্ট করেন। এরপর আর কোনো পোস্ট দেননি।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।