আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০০:১২, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৬, ৪ নভেম্বর ২০২৬
সংগৃহীত
নির্দেশনায় বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণের পর প্রথম কয়েক মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া এবং পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা অনুসরণ করা জরুরি।
১. বিস্ফোরণের আলো থেকে চোখ সরিয়ে নিরাপদ আশ্রয় নিন
পারমাণবিক বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকানো যাবে না। বিস্ফোরণ ঘটলে দ্রুত শক্ত কোনো প্রতিবন্ধক বা স্থাপনার আড়ালে আশ্রয় নিতে হবে। উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের অভিঘাতের তরঙ্গ কেটে না যাওয়া পর্যন্ত এ অবস্থায় থাকতে হবে।
২. বিস্ফোরণের পর নিকটবর্তী ভবনে আশ্রয় নিন
বিস্ফোরণের অভিঘাত থেমে গেলে দ্রুত কাছের কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখা কিংবা ছবি তোলার চেষ্টা করা যাবে না। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবেও ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. তেজস্ক্রিয় ধুলা দূর করতে শরীর পরিষ্কার করুন
তেজস্ক্রিয় ধুলা বা কণার সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে শরীরের উন্মুক্ত অংশ কুসুম গরম পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে। এ ক্ষেত্রে কন্ডিশনারবিহীন সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে বলা হয়েছে। গোসলের সুযোগ না থাকলে পানি কিংবা ভেজা ওয়াইপ দিয়ে মুখ, হাতসহ শরীরের খোলা অংশ পরিষ্কার করতে হবে।
৪. অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ের ভেতরে থাকুন
পারমাণবিক বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় পান করার জন্য বোতলজাত পানি এবং খাবার হিসেবে প্যাকেটজাত খাদ্য গ্রহণ করতে বলা হয়েছে।
৫. কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আশ্রয় ছাড়বেন না
২৪ ঘণ্টা পার হলেই আশপাশের পরিবেশ নিরাপদ হয়ে গেছে, এমন ধারণা করা যাবে না। কখন আশ্রয় ছাড়তে হবে এবং কোন পথে নিরাপদে সরতে হবে, সে বিষয়ে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগলে বা ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত অন্য নিরাপদ স্থানে যেতে হবে।
নির্দেশনায় তাৎক্ষণিক সতর্কতা, উপযুক্ত আশ্রয় নির্বাচন এবং বিস্ফোরণ-পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিরাপদে সরে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের নিশ্চিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি