ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

ড্র করে বিশ্বকাপ ছন্দে থাকলো কানাডা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫:০৫, ১৩ জুন ২০২৬

ড্র করে বিশ্বকাপ ছন্দে থাকলো কানাডা

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে স্বাগতিক কানাডা।  ছন্দময় ফুটবল খেলেও প্রথমার্ধে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের দারুণ এক গোলে হার এড়িয়েছে তারা।  ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কানাডা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর এই ড্রয়ের মাধ্যমেই বিশ্বকাপে নিজেদের পয়েন্টের খাতা খুলল উভয় দেশ।

কানাডা প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে ছিল। বসনিয়া ও হার্জেগোভিনা রক্ষণাত্মক কৌশল নেওয়ায় গোলমুখ খুলতে পারছিল না স্বাগতিকরা। ৭৮ মিনিট পর্যন্ত পরাজয় চোখ রাঙায় দলটিকে। সেখান থেকে ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের দারুণ গোলে সমতায় ফেরে কানাডা। 

কানাডা ভালো শুরু পেলেও প্রথমে লিড নেয় বসনিয়া ও হার্জেগোভিনা। স্বাগতিকরা প্রথম ৫ মিনিটে বলের নিয়ন্ত্রণ রেখেছে ৬৭ শতাংশ। ১০ মিনিটে ৫৭ শতাংশ বলের দখল রেখেছে। গুছিয়ে ফুটবল খেললেও গোল ছিল সোনার হরিণ। উল্টো ২১ মিনিটে আচমকা গোল খেয়ে বসে। কর্নার থেকে ২১ মিনিটে উড়ে আসা বল হেডে কানাডার জালে জড়ান বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। 

বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার এটি দ্বিতীয় আসর। ২০১৪ সালে প্রথম অংশ নিয়েছিল দেশটি। অভিষেক আসরেই বাজিমাত করেছিল ইরানকে ৩-১ গোলে হারিয়ে। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও ৪৮ দলের এবারের বিশ্বকাপে খেলছে ‘বি’ গ্রুপের দল কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে। এবার নিজেদের প্রথম ম্যাচটি ড্র করে পয়েন্ট টেবিল ওপেন করল দলটি। পরের ম্যাচে কাতারকে হারাতে পারলে ৩২ দলের নকআউটে উন্নীত হওয়ার সুযোগ থাকবে।

কানাডা ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথম আর ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলে। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলে জিততে পারেনি একটিতেও। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডাও সরাসরি সুযোগ পায় বিশ্বকাপে খেলার। শুক্রবার চমৎকার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানায় কানাডা। বৈশ্বিক শিল্পীদের অংশগ্রহণে ছোট হলেও জমকালো অনুষ্ঠান ছিল সেটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন