ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

যুবদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:২৩, ২৮ আগস্ট ২০২৬

যুবদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

অন্যদিকে, নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল ও কর্মসূচি পালন করে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে তাদের ধাওয়ার মুখে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।

ঘটনার বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার।

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুমকি উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন