ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

যুবককে হাত-পা বেঁধে অপহরণ, মুক্তিপণ দাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৫২, ৩০ আগস্ট ২০২৬

যুবককে হাত-পা বেঁধে অপহরণ, মুক্তিপণ দাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবককে হাত-পা বেঁধে অপহরণ, মারধর এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা আতাউর রহমান সানির বিরুদ্ধে।

রোববার (২৯ আগস্ট) আড়াইহাজার উপজেলার নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী যুবকের নাম আরাফাত। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার জিম শেষ করে আড়াইহাজার বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি আরাফাতকে ধরে নিয়ে যান। পরে তাকে শহীদ মিনারের পাশে একটি জনকল্যাণ পরিষদে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়।

একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন করে আরাফাতকে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। পরিবারের দাবি, অপহরণকারীদের চাপের মুখে তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন।

পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা দেওয়ার পরও আরাফাতকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় আরাফাতকে উদ্ধার করা হয়।

আরাফাতের চাচা দায়ের ফকির বলেন, ‘আমার ভাতিজাকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা না করার জন্যও আমাদের চাপ দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান সানির বক্তব্য জানা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন