ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:০৬, ১ সেপ্টেম্বর ২০২৬

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার একটি বাড়ির টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক মোটরের মেইন তারের সঙ্গে হাতে কাঁচি থাকা অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত শরিফুল ইসলাম ওরফে বরু দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির মালিক কেরামত আলী (৬৫) ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। সেখানে তিনি টিউবওয়েলের সঙ্গে থাকা বৈদ্যুতিক মোটরের মেইন তারের সঙ্গে এক ব্যক্তিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মারুফা বেগমের চিৎকারে তাঁর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রতিবেশী রশিদুল ইসলাম (৩০)সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে পরিচয় নিশ্চিত করা হয়, নিহত ব্যক্তি দর্শনা শান্তিপাড়ার শরিফুল ইসলাম ওরফে বরু।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে মেইন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন