ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক আটক

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার সন্ধ্যায় উপজেলার কর্নেলবাজার এলাকার একটি ফার্মেসি থেকে তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আটক আসাদুজ্জামান ওয়াসিম উপজেলার আইরোল গ্রামের মো. রতনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ওয়াসিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকশ মানুষ কর্নেলবাজার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ওয়াসিমকে আটক করে রাখেন।

খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি পোস্ট ও মন্তব্য করছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন