এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:৫২, ২১ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস। কর্মসূচি থেকে দলটির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার ঘটনায় পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া।
কর্মসূচি চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন রাহুল গান্ধী।
কয়েক ঘণ্টা অবস্থানের পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস নেতাদের সরিয়ে নেওয়া শুরু করে। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে এমপি সুখজিন্দর সিংসহ আরও কয়েকজনকে আটক করে পুলিশ।
তবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে পুলিশ তাদেরও আটক করে নিয়ে যায়। তাদের কোথায় নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আটকের আগে কংগ্রেস এমপি সুখজিন্দর সিং গণমাধ্যমকে বলেন, ‘এমপিদেরই যদি এ অবস্থা হয়, তাহলে ছাত্রদের সঙ্গে কী হচ্ছে, ভেবে দেখুন।’
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে থেকে অবস্থানকারীদের সরিয়ে দেয়।