ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিলোফার চৌধুরীর বক্তব্য ঘিরে ছাত্রদল সভাপতির ক্ষোভ

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:২৫, ২ জুলাই ২০২৬

নিলোফার চৌধুরীর বক্তব্য ঘিরে ছাত্রদল সভাপতির ক্ষোভ

এমপি নিলোফার চৌধুরী মনি ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি টেলিভিশন টকশোতে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি আরও সংযত ও শ্রদ্ধাশীল হবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

টকশোতে যা বলেছিলেন নিলোফার চৌধুরী

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মৃত্যু এবং কথিত ‘স্নাইপার হামলা’ প্রসঙ্গে বক্তব্য দেন নিলোফার চৌধুরী মনি।

তিনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন, কোথায়, কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এসব কাজ করেছে, তাদের কতটা ভূমিকা ছিল—সেসব নিয়েও প্রশ্ন আছে।’

আন্দোলনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের বলা হয় তারাই আন্দোলনের মূল নেতৃত্ব—আসলে এই আন্দোলনের মূল নেতৃত্ব কারা ছিল, তা কেউ নিশ্চিতভাবে জানে না। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই একে অপরকে চিনতেন না। পাশে থাকা একজন হঠাৎ পড়ে গেলে অনেকে ভেবেছেন তিনি স্বাভাবিকভাবে পড়ে গেছেন, অথচ পরে জানা গেছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলি সামনে থেকে এসেছে, নাকি পেছন থেকে এসেছে—সেটাও বোঝা যায়নি। গুলির কোনো শব্দও শোনা যায়নি।’

অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, ‘তাহলে কি এটি কোনো পরিকল্পিত ঘটনা বা ষড়যন্ত্র ছিল?’

জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন অবশ্যই ছিল। তবে এটি ষড়যন্ত্র ছিল কি না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এমন নৃশংস হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে সামনে থেকেই হওয়ার কথা। হতে পারে কোনো ভবনের ওপরতলা বা বাসা থেকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এসব বিষয়ে আমার নিজের কাছেও অনেক প্রশ্নের উত্তর নেই।’

নিলোফার চৌধুরী মনির এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদল সভাপতির প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে এলো।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন