এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪:২০, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৫১, ৩১ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আলিফের অস্ত্রোপচার সম্পন্ন শেষে এ কথা জানান চিকিৎসকরা।
আলিফ জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক। আলিফ দুই ভাই ও দুই বোনের মধ্যে একজন। তার বাবা অসুস্থ ও মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি হবিগঞ্জের একটি স্থানীয় স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সামিয়া নুজহাত বলেন, অপারেশনের প্রায় আধা ঘণ্টা পর রোগীর চেতনা ফিরেছে। তার রক্তচাপ, পালস, অক্সিজেন স্যাচুরেশনসহ সব গুরুত্বপূর্ণ শারীরিক সূচক এখন স্বাভাবিক। অপারেশনের পর স্বাভাবিক ব্যথা থাকে। সেটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. নুজহাত বলেন, কী দিয়ে আঘাত পেয়েছেন তা রোগী নিশ্চিত করতে পারেননি। তবে, এটি কোনো ধারালো বস্তু, যেমন পাথর বা ইটের টুকরো হতে পারে। আঘাতের ফলে চোখের গোলক (আইবল) ফেটে যায় এবং ভেতরের অংশ বাইরে চলে আসে। পাশাপাশি চোখের ওপরের ও নিচের পাতা (আইলিড) ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখের পানি নাকে যাওয়ার নেত্রনালী (ল্যাক্রিমাল ডাক্ট) ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, চোখের গোলক, চোখের পাতা এবং ক্ষতিগ্রস্ত নেত্রনালী মেরামত করা হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। তবে এ ধরনের গুরুতর আঘাতের পর কিছু স্থায়ী প্রভাব থেকে যেতে পারে। আগের মতো স্বাভাবিক গঠন পুরোপুরি ফেরত নাও আসতে পারে।
তিনি আরও বলেন, চোখটি সম্পূর্ণ নষ্ট হয়েছে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অপারেশনের পর ক্ষত কতটা ভালোভাবে সারে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। তবে অবস্থা বিবেচনায় দৃষ্টিশক্তি আগের মতো ফিরে আসার সম্ভাবনা খুব কম।
তিনি আরও বলেন, চোখের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। কিন্তু আলিফের ক্ষেত্রে পুরো চোখের গঠনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আবদুল আহাদ বলেন, অস্ত্রোপচারের আগেই সিলেটে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা আক্রান্ত চোখে নো পারসেপশন অব লাইট (এনপিএল) শনাক্ত করেন। অর্থাৎ ওই চোখে আলো দেখার ক্ষমতাও ছিল না এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে চিকিৎসকেরা ধারণা করেন।
ডা. আব্দুল আহাদ বলেন, অস্ত্রোপচারের উদ্দেশ্য ছিল মূলত ক্ষতিগ্রস্ত চোখের সংক্রমণ যেন অন্য চোখ বা আশপাশের টিস্যুতে ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে চোখের বাহ্যিক গঠন যতটা সম্ভব স্বাভাবিক রাখা এবং চোখটি যেন গর্ত হয়ে না যায়, সেটিও অস্ত্রোপচারের উদ্দেশ্য ছিল।
এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ও সমাবেশ শেষে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী। যদিও ছাত্রদল বলছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা এনসিপির গাড়ি বহরে হামলা করেছে। তবে, হামলার অনেক ভিডিওতে ছাত্রদলের টি-শার্ট পরিহিত অনেক যুবকদের দেখা গেছে। এনসিপির দাবি, ছাত্রদলই তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।