ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার চেয়ে যুব অধিকার পরিষদের মিছিল

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৪:৪৮, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৫:০৫, ১৩ জুন ২০২৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার চেয়ে যুব অধিকার পরিষদের মিছিল

যুব অধিকার পরিষদের মিছিল- ছবি: সংগৃহীত

দেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও গণহত্যার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে মিছিল করেছে যুব অধিকার পরিষদ। একই মিছিলে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবি করা হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল আয়োজন করে সংগঠনটির মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

মিছিল পরবর্তী বক্তব্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। ভারতকে অবশ্যই আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে ভারতের এই অবৈধ পুশইন বন্ধে আন্তর্জাতিক জনমত গঠন করতে হবে।

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচারে সরকারের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের জামিন হতে দেখা গেলেও গণহত্যা ও দুর্নীতির কোনো বিচার দৃশ্যমান হচ্ছে না।

সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নূরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও নীলা শেখ,যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ ও রাসেল মুন,সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

এইচভি/কেএম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন