ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

আজকের আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’: সোহেল তাজ

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:২৮, ২৬ আগস্ট ২০২৬

আজকের আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’: সোহেল তাজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ এখন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অবক্ষয় ও অতীত ভূমিকা নিয়ে কথা বলেন।

সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন ও নিপীড়ন করেছে। একপর্যায়ে দলটি হত্যা ও গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নেয়। এর ফলে শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, তৃণমূলের নেতাকর্মীরাও ওই রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক প্রভাবের মধ্যে পড়েছেন।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে (আওয়ামী লীগ) বিরোধী দলকে দমন-নিপীড়ন করেছি। হত্যা-গুমের রাজনীতি বেছে নিয়েছি, দুর্নীতির পথ বেছে নিয়েছি। যার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এই চক্রের ভেতরে আক্রান্ত হয়েছে।’

আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের ‘পালস’ বা মনোভাব বোঝার সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন সোহেল তাজ। তাঁর ভাষায়, দলের নেতারা নিজেদের স্বার্থ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের যে রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক ছিল, তা ক্রমে দুর্বল হয়েছে।

সোহেল তাজ বলেন, ‘মাছের পচন শুরু হয় মাথা থেকে’—আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁর মতে, দলের অবক্ষয়ের শুরু হয়েছে নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যায় থেকে, যার প্রভাব ধীরে ধীরে পুরো সংগঠনে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক অবক্ষয় আরও স্পষ্ট হয়েছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে দলের সঙ্গে জনগণের দূরত্ব বাড়তে থাকে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘পচন শুরু হয় ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে—এবার পুরো বডিটাই পচে গেছে।’

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তাঁর মতে, ঐতিহাসিক আওয়ামী লীগ ছিল নীতি ও আদর্শভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। সেই দলের রাজনীতির সঙ্গে বর্তমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া কঠিন।

সোহেল তাজ বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে। সেই আওয়ামী লীগ ছিল নীতি-আদর্শভিত্তিক দল। আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ—এটা পরিষ্কার হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ক্ষমতা ও ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এর ফলে আওয়ামী লীগের সাংগঠনিক চরিত্রও বদলে গেছে এবং দলটি জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে পড়েছে।

সোহেল তাজের বক্তব্য অনুযায়ী, একটি রাজনৈতিক দলের শক্তির মূল ভিত্তি হলো জনগণের সঙ্গে তার সম্পর্ক, নীতি-আদর্শ এবং জবাবদিহি। এসব জায়গায় দুর্বলতা তৈরি হলে দলের সাংগঠনিক কাঠামোও ধীরে ধীরে ভেঙে পড়ে। আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিকে তিনি সেই ধারাবাহিক অবক্ষয়ের ফল হিসেবে দেখছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন