এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
সকাল ৭টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে সেখানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য শীর্ষ নেতা।
সমাবেশে নেতাদের বক্তব্য শেষে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা শুরু করার কথা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভা আয়োজনের পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে জোটের নেতাদের সংবর্ধনা ও অভ্যর্থনা দেওয়ার কর্মসূচি রয়েছে। লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য তুলে ধরে বলা হয়, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের বিষয়ে গণভোটে পাওয়া জনমত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন জোটের নেতারা। তাঁদের দাবি, সরকার বরং জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রশাসনে অতিরিক্ত দলীয় প্রভাব ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোও দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তাঁরা।
জোটের নেতারা আরও বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে সরকারের প্রতি একাধিকবার আহ্বান জানানো হলেও তা গুরুত্ব পায়নি। সংসদে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরেও কার্যকর সমাধান না পাওয়ায় তাঁরা রাজপথে আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
লংমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের শীর্ষ নেতাদের।